ঢাকা: রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল এ চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ মার্চ) রাতে তিনি হাসপাতালে পৌঁছে অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান মন্ত্রিসভার সতীর্থের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। চিকিৎসার অগ্রগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও তিনি বিস্তারিত তথ্য নেন।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও সেখানে উপস্থিত ছিলেন। তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অসুস্থতা অনুভব করায় গত শনিবার আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।