ঢাকা: দীর্ঘ ১৭ বছরের দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এ সময় তিনি বলেন, দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব।
মঙ্গলবার (৩ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ব হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। টিপু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি সাবেক সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, গত ২১ জানুয়ারি পর্যন্ত তিনি সহ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বতন্ত্রভাবে নির্বাচন করায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী ওইদিন থেকেই তিনি আর এ পদে বহাল নেই। দীর্ঘদিন অফিসের দায়িত্ব পালনের কারণে কিছু নিয়ম-কানুন ও মাসিক চাঁদা ২১ জানুয়ারি পর্যন্ত বকেয়া ছিল, যা তিনি আজ পরিশোধ করেছেন। একইসঙ্গে তার ওপর অর্পিত সব দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন।
টিপু আরও জানান, ২১ জানুয়ারি অব্যাহতি পাওয়ার দিন তিনি ঢাকায় না থাকায় দায়িত্ব হস্তান্তরে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি বলেন, ‘জীবনের ৪৩ বছর আমি এ দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন দাফতরিক দায়িত্ব পালন করেছি।’
দায়িত্ব পালনকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতি স্নেহ-ভালোবাসা ও দিকনির্দেশনা দিয়েছেন উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সহযোগিতার কথাও স্মরণ করেন।
তিনি জানান, দলের চেয়ারম্যান, মহাসচিবসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে একটি কৃতজ্ঞতাপত্র জমা দিয়েছেন। বর্তমানে তিনি দলের কোনো পদে না থাকায় সাংগঠনিক দায়িত্ব পালন সম্ভব নয় বলেও উল্লেখ করেন। তবে সমর্থক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দায়িত্ব পালনকালে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পাশাপাশি কার্যালয়ে তার যেসব দেনাপাওনা ছিল, সেগুলোও আনুষ্ঠানিকভাবে পরিশোধ করেছেন বলে জানান।