Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের ‘নাগরিক সেবা ওয়েব অ্যাপ’ উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৬:২১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৭:২১

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

ঢাকা: নগরবাসীর সমস্যা সমাধানে ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করেছে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর বারিধারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এ আয়োজন করে।

উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নাগরিক, নগরবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসাবে নগরবাসীর সকল সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবের জন্য আধুনিক নগরব্যবস্থাপনা ও সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি গড়তে জামায়াত দৃঢ় প্রত্যয়ী।

সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নগর প্রশাসনকে দলীয়করণ করার কারণেই ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণেই নগরজীবনে জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি এখন চরমে উঠেছে। সঙ্গত কারণেই ডিএনসিসিতে ক্রমবর্ধমান মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, যানজট, পরিবহণ সেক্টরে নৈরাজ্য ও রাস্তার খানাখন্দক সমস্যা একেবারে প্রান্তিক পর্যায়ে এসে ঠেকেছে। তাই জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে নগরবাসীর এসব সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টার জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

‘‘সে ধারাবাহিকতায় আজ আমরা ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করছি। এ অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যার কথা আমাদেরকে সরাসরি অবহিত করলে আমরা সেসব সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করব ইনশাআল্লাহ।’

তিনি এ কর্মসূচিকে সফল করতে স্ব স্ব অবস্থান থেকে জামায়াতকে সহযোগিতা করার জন্য সকল স্তরের নগরবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি ডিএনসিতে আগামী দিনের মেয়র প্রসঙ্গে বলেন, আগামী দিনে এমন ব্যক্তির হাতেই মেয়রের দায়িত্ব পালন করতে হবে যিনি রাত জেগে জেগে পুরো নগরীকে পাহাড়া দেবেন; যিনি হবেন জাতির জাগ্রত বিবেক এবং জনগণের জানমালের নিরাপত্তার অতন্ত্র প্রহরী।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মাহনগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা আমির মো. আবুল বাসার ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ মঈদ উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর