Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অকারণে বিরোধিতা করবে না বিরোধী দল: ডা. শফিকুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৭:৩৬

সংসদে বিরোধী দলের সংসদীয় কমিটির সভা

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষাপটে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যরা বৈঠক করেছেন। বৈঠকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কী হবে, সে বিষয়ে খোলামেলা আলোচনা ও মতবিনিময় হয়েছে।

জামায়াত আমির বলেন, ‘আমরা চাই জাতীয় সংসদ দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করুক। বিরোধী দল হিসেবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। সকল বিষয়ে অকারণ বিরোধিতা নয়, আবার না বুঝে সহযোগিতাও নয়।’

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে বিরোধী দলের সংসদীয় কমিটির সভার পর সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে সরকারি দলের যেকোনো ইতিবাচক সিদ্ধান্ত ও পদক্ষেপে বিরোধী দলের সমর্থন ও সহযোগিতা থাকবে। তবে জনগণের ক্ষতি হয়—এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ এলে প্রথমে ভুল ধরিয়ে দেওয়া, সংশোধনের সুযোগ দেওয়া এবং প্রয়োজন হলে প্রতিবাদ করার পথ বেছে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রথমে আমরা পরামর্শ দেব। যদি তাতে কাজ না হয়, তাহলে প্রতিবাদ করব। আর তাতেও কাজ না হলে জনগণের অধিকারের পক্ষে আমরা দৃঢ়ভাবে দাঁড়াব।’

সরকারের সদিচ্ছা থাকলে এসব পরিস্থিতি তৈরি হবে না এবং আলোচনা ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও বিরোধী দল দীর্ঘদিন ধরে করে আসছিল এবং এর আংশিক বাস্তবায়ন হয়েছে।

প্রবাসীদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করার জন্য সংসদে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সরকারের ভালো উদ্যোগকে আমরা স্বাগত জানাব, আর জনগণের স্বার্থবিরোধী কিছু হলে তার বিরোধিতা করব।’

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই ও কার্যকর গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর