Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে ২ গ্রুপের সংঘর্ষে নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২০:২৫

যুবদলকর্মী সজিব চৌধুরী আকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিখোঁজ সজিব চৌধুরী আকাশ (২৫) নামে যুবদলের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের একটি টমেটো খেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সজিব চৌধুরী আকাশ মীরসরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সঙ্গে সীতাকুণ্ডে তার নানার বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী এলাকায় বিএনপি নেতা আবদুল আলিম গ্রুপ ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের পর থেকেই যুবদল কর্মী সজিব নিখোঁজ ছিলেন। এ ঘটনায় রাতেই পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকালে স্থানীয়রা গুপ্তখালী গ্রামের একটি সবজি খেতে সজিবের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে বিএনপি নেতা আবদুল আলিম ও যুবদল নেতা শাহাবুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

তবে যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন দাবি করেন, নিহত সজিব তার সিএনজি অটোরিকশা গ্যারেজ দেখাশোনা করতেন। কিছুদিন আগে একটি সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে শালিস বসে। সেই ঘটনার জের ধরেই আবদুল আলিম গ্রুপের লোকজন সজিবকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। একই ঘটনায় তার পক্ষের আরও পাঁচজনকে কুপিয়ে আহত করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামের একটি টমেটো খেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় দুই সম্ভাব্য মেম্বার প্রার্থীর মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর