ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপির মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩ টায় শুরু হওয়া এই অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সোয়া ৬ টায়। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় তার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এ জন্য পরিবারের পক্ষ থেকে আকাশপথে রোগী পরিবহনের বিশেষ বিমানসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।
এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক জাতীয় নেতা হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।