ঢাকা: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন, তখন ইফতারের আগমুহূর্তে আমাদের মা-বোনদের ওপর এই নৃশংস হামলা প্রমাণ করে যে, হামলাকারীদের মনে আল্লাহর ভয় ও নূন্যতম মানবিক বোধ নেই। বিএনপি নামধারী সন্ত্রাসীদের এই হামলায় আমাদের একাধিক মা-বোন ও ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে নারীর অধিকার ও নিরাপত্তা আজ চরম সংকটে। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের গালভরা বুলি আউড়াচ্ছে এবং নারীর ক্ষমতায়নের দোহাই দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, অন্যদিকে রাজপথে ও ঘরে নারীদের ওপর চলছে পৈশাচিক হামলা ও নির্যাতন। কার্ড দিয়ে ক্ষুধা মেটানোর লোক দেখানো প্রচেষ্টার আড়ালে নারীদের সম্মান ও জীবনকে আজ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে।
বিবৃতিতে সেক্রেটারী অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসাথে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কর্মীদের এই লাগামহীন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিবৃত্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, মা-বোনদের রক্ত ও চোখের পানি বৃথা যাবে না। জনগণের অধিকার আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ও কার্যক্রম কোনো অপশক্তির ভয়ে দমে যাবে না, ইনশাআল্লাহ।