ঢাকা: সারজিস আলম বলেছেন, দেশের বিভিন্ন জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দেওয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক সিদ্ধান্ত। তিনি মনে করেন, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক চর্চার পরিপন্থি এবং এর মাধ্যমে রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
রোববার (১৫ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, একসময় একটি নগর করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া নিয়েও তীব্র সমালোচনা হয়েছিল এবং তখন বলা হয়েছিল এতে নাকি গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এখন দেশের বহু জেলা পরিষদে সরকার দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কেউ সে বিষয়ে কথা বলছে না।
তিনি আরও বলেন, অবিলম্বে নির্বাচিত সরকারের অধীনে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা প্রয়োজন। দলীয় লোকদের বিভিন্ন পদে বসিয়ে লুটপাটের রাজনীতি চালানোর সুযোগ বন্ধ করতে হবে।
সারজিস আলম তার বক্তব্যে আরও বলেন, প্রথমে দলীয় লোকদের প্রশাসক করা হয়, এরপর তাদের মাধ্যমে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হয়। পরে ক্ষমতার অপব্যবহার করে নানা সুবিধা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই প্রভাব ব্যবহার করে নির্বাচনে জেতানোর চেষ্টা করা হয়। তার মতে, এমন রাজনৈতিক কৌশল স্বৈরাচারী পথে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ।
তিনি আরও বলেন, তারেক রহমান-এর উচিত এখনই সিদ্ধান্ত নেওয়া, তারা অতীত থেকে শিক্ষা নেবেন, নাকি কিছু অতিচালাক পরামর্শদাতার কথায় স্বৈরাচারী পথে হাঁটবেন। তার মতে, ভুল পথে হাঁটার পরিণতি শেষ পর্যন্ত কারও জন্যই ভালো হয় না।