Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ২২:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: দেশবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানান। এছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টেও তিনি শুভেচ্ছা জানান।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর, আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে। দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘এখন দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা পাবে।’

তিনি বলেন, ‘দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।’

ডা. শফিকুর রহমান সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের শহিদ হিসেবে কবুল করুন। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘ মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আমাদের মাঝে আগমন ঘটেছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন গড়ে তুলি।’

তিনি বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত-নিপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে আসি। আমরা একে অপরের সুখ-আনন্দ ও দুঃখ-কষ্ট ভাগ করে নিই।’

এছাড়া ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, পবিত্র ঈদুল ফিতরে সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। খোশ আমদেদ সকলের তরে।

তিনি লেখেন, যদিও এবারকার পুরো রমাদানজুড়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক দেশ যুদ্ধের দাবানলে জ্বলে-পুড়ে ছাই হচ্ছে। আমাদের অন্তরে রক্তক্ষরণ চলছে।

তিনি আরও লেখেন, আল্লাহ তা’য়ালা সমস্ত জুলুমের হাত থেকে দেশে দেশে মুসলিমদের রক্ষা করুন, মজলুমদের সাহায্যকারী হোন এবং দুনিয়ায় শান্তির ফয়সালা দান করুন। মানবজাতির উপর রাব্বুল আলামিন রহম করুন।

বিরোধী দলীয় নেতা লেখেন, যুদ্ধ সমাধান নয়; যুদ্ধ কল্যাণের চেয়ে ধ্বংসই বেশি ডেকে আনে। চলমান এই পরিস্থিতিতে জুলুমের শিকার হয়ে যারা নিহত হয়েছেন, আল্লাহ তা’য়ালা তাদের শহিদ হিসেবে কবুল করুন।

তিনি লেখেন, আহত, পঙ্গু ও ক্ষতিগ্রস্তদের উপর আল্লাহ তা’য়ালা সহায় হোন। সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর