Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির ৩ দিনব্যাপী নাগরিক ঈদ উৎসব 

সিনিয়র করেসপন্ডেন্ট   
১৯ মার্চ ২০২৬ ২৩:৪৮ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২৩:৫৫

ঢাকা: যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে উৎসবের আমেজে নগরবাসীকে সম্পৃক্ত করতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য ‘নাগরিক ঈদ উৎসব’।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

যান্ত্রিক জীবনযাত্রায় ক্লান্ত নগরবাসীর জন্য একে ‘সুখবর’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে যার মূল লক্ষ্য হচ্ছে আমাদের ৫০০ বছরের পুরনো ঐতিহ্যকে পুনরায় বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনা।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, উৎসবের সূচনা হবে চাঁদরাতে ঐতিহ্যবাহী ‘মেহেদী উৎসব’ ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে যা ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণ সংলগ্ন জাতীয় ঈদগাহ থেকে বের করা হবে বর্ণাঢ্য ‘ঈদ মিছিল’, যা রাজসিক আয়োজনে রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করবে।

উৎসবের সমাপনী দিনে অর্থাৎ ঈদের পরদিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘ঘুড়ি উৎসব’। পোস্টার ও প্রচারণায় হাতি এবং ঘোড়ার সজ্জার উপস্থিতি এই উৎসবকে ঢাকার আদি সংস্কৃতির সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিচ্ছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকল ভেদাভেদ ভুলে এই আনন্দ উৎসবে শামিল হওয়ার জন্য রাজধানীর সকল স্তরের মানুষের প্রতি আন্তরিক উদাত্ত আহ্বান জানিয়েছেন। মূলত নাগরিক ব্যস্ততার মাঝে শেকড় সন্ধানী এই আয়োজনকে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর