ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ মার্চ) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের নেতারা এতে বক্তব্য রাখবেন।
কর্মসূচির দ্বিতীয় দিন ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এদিন সংগঠনের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। একইসঙ্গে সকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘোষিত এ কর্মসূচির মাধ্যমে দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর কথা জানিয়েছে দলটি।