ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন, ২৬শে মার্চ, রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত মা-বোনের ইজ্জত আর লাখো শহিদের ত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা দিবস। এই গৌরবময় দিনে আমি দেশ ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশি ভাই-বোন, বিশেষ করে প্রিয় মা ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও লাল সালাম।
আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেসব অকুতোভয় বীর সন্তানদের, যাদের বুকের তাজা রক্তে ভিজেছে বাংলার মাটি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেসব মা ও বোনদের, যাদের সীমাহীন ত্যাগ আমাদের এই মানচিত্র উপহার দিয়েছে।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, স্বাধীনতা কেবল একটি শব্দ নয়, স্বাধীনতা মানে শোষণমুক্ত সমাজ, স্বাধীনতা মানে ইনসাফ আর মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা। কিন্তু আজ স্বাধীনতার এত বছর পরও যখন আমাদের চারপাশে তাকাই, তখন দেখি অধিকার বঞ্চিত মানুষের হাহাকার। আমাদের দেশের নারীরা আজও পূর্ণ নিরাপত্তা ও সম্মানের জন্য সংগ্রাম করে যাচ্ছে। ঘরে-বাইরে নারীদের যে কাঙ্ক্ষিত মর্যাদা ইসলাম নিশ্চিত করেছে, তা আজও সমাজ ও রাষ্ট্রে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
একটি স্বাধীন রাষ্ট্রে কোনো নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, মানুষ অনাহারে থাকবে কিংবা নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগবে-এটি আমাদের স্বাধীনতার চেতনা নয়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মা তাঁর সন্তানকে নিরাপদ পরিবেশে বড় করতে পারবেন, প্রতিটি বোন নির্ভয়ে পথ চলতে পারবেন।
বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, স্বাধীনতার এই দিনে আমরা নতুন করে শপথ গ্রহণ করি। ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতির অন্ধকার দূর করতে সক্রিয় ভূমিকা পালন করি। আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলি, যাতে তারা আগামী দিনে একটি জুলুমমুক্ত ও ইনসাফপূর্ণ সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে।
মহান আল্লাহ তায়ালার দরবারে আমাদের স্বাধীনতাকে অর্থবহ এবং সব শহিদদের কবুল করার তৌফিক কামনা করছি।