ঢাকা: তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’রা আর বাহাত্তরের সংবিধান চায় না বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে হাতিয়া থেকে নির্বাচিত এই বিরোধীদলীয় সংসদ সদস্য বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষা ও ক্ষোভের কথা তুলে ধরেন।
নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে দাবি করে তিনি বলেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া তরুণরা কেন ভোটাধিকার বঞ্চিত হলো, সেই জবাব তারা আজ জানতে চায়।
হান্নান মাসউদ তার বক্তব্যে প্রশ্ন তোলেন যে, ১৯৭১ সালে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে যে নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে পরবর্তী সময়ে কেন দুর্ভিক্ষ, ভোট চুরি আর রক্ষীবাহিনীর মতো পরিস্থিতির সৃষ্টি হলো।
তিনি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পুনরুদ্ধারে শহিদ জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করার পাশাপাশি নিজের নির্বাচনি এলাকা হাতিয়ার মানুষের দুর্দশার চিত্রও তুলে ধরেন।
নির্বাচনি প্রচারণায় নিজের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়ে হান্নান মাসউদ দাবি করেন, সবচেয়ে কম বয়সী প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি তিনবার হামলার শিকার হয়েছেন এবং সংসদ সদস্য হওয়ার পরেও তাকে দেশীয় অস্ত্র নিয়ে কোপাতে আসা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ৯৪ সালের মাগুরা মার্কা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরির অপচেষ্টা এখনো চলছে এবং তার এলাকায় শুধুমাত্র ‘শাপলাকলি’ প্রতীকে ভোট দেওয়ার কারণে একজন নারীকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ব্যর্থ হচ্ছে। এই রাষ্ট্র আর কোনো বিশ্বাসঘাতকতা সইবে না এবং অপরাধীদের বিচার নিশ্চিত না করলে তার চড়া মূল্য দিতে হবে।
তরুণদের প্রতিনিধি হিসেবে তিনি একটি নিরাপদ ও অধিকার নিশ্চিতের বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।