ঢাকা: ক্ষমতায় আসার পর বিএনপি সরকার শুধু জুলাই সনদ নয়, তাদের নিজেদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতিও মানছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোববার (২৯ মার্চ) বিকেলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, সরকারের প্রাথমিক কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ক্রমেই পুরোনো দলীয়করণ নীতির পথেই হাঁটছে।
বৈঠকে বিএনপির ৩১ দফা কর্মসূচির ১৭ নম্বর দফা পাঠ করে তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কালাকানুন বাতিল করা হবে এবং কুইক রেন্টাল কেন্দ্রের দুর্নীতি বন্ধ করা হবে, অথচ বাস্তবে তারা শুরুতে দেওয়া অনেক প্রতিশ্রুতিই রক্ষা করেনি।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে উল্লেখ করেন, দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট হলেও ৩২ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার অবকাঠামো তৈরি করা হয়েছে, যার পেছনে বছরে ৯১ হাজার কোটি টাকা ‘ক্যাপাসিটি চার্জের’ নামে লুটপাট হয়েছে।
বড় বড় ঋণখেলাপিরা সংসদ সদস্য হওয়ার পর কীভাবে এই দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করবেন, সেই প্রশ্ন তুলে তিনি হুঁশিয়ারি দেন, সংসদ যদি রাষ্ট্রের মূল সমস্যাকে প্রাধান্য না দিয়ে অহেতুক রাজনৈতিক বিতর্কে সময় কাটায়, তবে তারা একটি ‘ছায়া সংসদ’ তৈরি করতে বাধ্য হবেন।
বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ ছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। পরিশেষে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট সমাধানে ক্যাবকে সাধারণ ভোক্তাদের সচেতন করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবি পার্টির এই নেতা।