ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (এপ্রিল) তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে সিঙ্গাপুর থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল এবং উন্নতির দিকে। চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় সব পরীক্ষা ও চিকিৎসা চলছে। আরোগ্য লাভের প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে প্রতিদিন নিয়ম মেনে থেরাপি দেওয়া হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
উল্লেখ্য, বিএনপি মহাসচিব বর্তমানে চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে অবস্থান করছেন। এর কয়েক দিন আগে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেছিলেন।
প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন মির্জা আব্বাস। ওই সময় দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ মার্চ তার মস্তিষ্কে দুই দফায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। দীর্ঘ পৌনে ৪ ঘণ্টার অস্ত্রোপচার শেষে তিনি দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার সুস্থতার প্রক্রিয়া চলমান রয়েছে।