Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার পুনর্বাসন কেন্দ্রে মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ০৯:০৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১১:৫২

মির্জা আব্বাস। ফাইল ছবি।

ঢাকা: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্যকে মালয়েশিয়ার একটি উন্নত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাবিলিটেশন সেন্টার) ভর্তি করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

চিকিৎসকদের বরাত দিয়ে একান্ত সচিব জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে দীর্ঘ অসুস্থতার পর তার শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পাওয়ার জন্য এখন নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ফিজিওথেরাপি ও পরবর্তী ধাপের চিকিৎসার জন্যই তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ওই দিনই তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণে থাকার পর এখন তিনি শঙ্কামুক্ত।

বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেখানেই তার চিকিৎসা প্রক্রিয়া চলবে বলে জানা গেছে। এদিকে তার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর