Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৬:১৭

ব্রিজ উদ্বোধন করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এরইমধ্যে শুরু হয়েছে। গুরুত্ব বিবেচনায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার একেবারে শূন্য হতে শুরু করেছে। মাইনাস পয়েন্টে ছিলেন ড. ইউনূস। তিনি একটা পর্যায়ে মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসেছেন। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই; তারপরেও বিভিন্ন কার্যক্রম শুরু করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করলাম। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এবার এই সরকারের আমলে ও মেয়াদে ইনশাআল্লাহ উন্নয়নমূলক কর্মকান্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকান্ডের সুফল পেতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর নবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিনসহ আরও অনেকেই।

উল্লেখ্য, ঝিনাই নদীর ওপর ২৮২ মিটারের গ্রাডার ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৮ টাকা। এই ব্রিজটি নির্মাণ হওয়ায় বাসাইল উপজেলার উত্তরাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ এখন সরাসরি টাঙ্গাইল জেলা শহরে যাতায়াত করতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর