ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সরকারি দলের নেতাকর্মীরা বিরোধী দল সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া শুরু করেছে। কিন্তু এসব তাদের জন্যই বুমেরাং হবে।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বারিধারাস্থ মহানগরী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পূর্ব থানা আয়োজিত ‘ইউনিট প্রতিনিধি সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘ইউনিটগুলো সংগঠনের প্রারম্ভিক ভিত্তি। আর ইউনিট প্রতিনিধিরাই সংগঠনের মূল চালিকাশক্তি। তাই আগামী দিনে ইসলামী আন্দোলনকে অপ্রতিরোধ্য ও দুর্জেয় শক্তিতে পরিণত করতে হলে ময়দানে তাদেরকে যে কোনো ত্যাগ ও কোরবানী করতে প্রস্তুত থাকতে হবে। এজন্য দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের কোনো বিকল্প নেই।
তিনি সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ‘নতুন সরকার জনজীবনে মৌলিক সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে’। তেল সংকটের কথা উল্লেখ করে মহানগরী উত্তর আমির বলেন, ‘সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল আছে বলে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না’।
ঢাকা মহানগরীকে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য দূর্গে পরিণত করে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ইউনিট দায়িত্বশীলসহ সকল স্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহবান জানান
তিনি।
থানা আমির মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এসময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।