Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী শ্রমিকদের সব প্রতিশ্রুতি পূরণ করবেন তারেক রহমান’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৪:৩৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৫:০৮

ঢাকা: নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের সব প্রতিশ্রুতি পূরণ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তার সবগুলোই পালন করা হবে।’

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি জানান, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান,। যা রাজধানীতে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম জনসভা হতে যাচ্ছে। সমাবেশের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

নজরুল ইসলাম খান আশা প্রকাশ করেন, অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে দেশের শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সমাবেশকে সফল করে তুলবেন। এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের জাতীয় নেতারা এবং শ্রমিক নেতারাও বক্তব্য দেবেন বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বর্তমান দেশের শ্রম পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বেতন কাঠামো গঠনের প্রত্যাশা থাকলেও বিগত আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়ন করেনি। গত ১৫ বছরের শাসনামলে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শ্রমিকদের জন্য যথাযথ মজুরি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নতুন মজুরি কাঠামো ঘোষণার বাধ্যবাধকতা থাকলেও তারা তা মাত্র দুইবার কার্যকর করেছে।

নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকের কাজের জায়গায় আজ কোনো নিরাপত্তা নেই এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ বিশেষ করে শ্রমিক শ্রেণির জীবন আজ এক চরম অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। বাজারের অস্থিরতার কারণে মানুষের খাদ্য তালিকা থেকে প্রোটিন বাদ পড়ার উপক্রম হয়েছে এবং মাছ, মাংস বা ডিমের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে ।

নজরুল ইসলাম খান তার বক্তব্যে আরও বলেন যে, সাধারণ মানুষ এখন পুষ্টিকর দেশি খাবারের পরিবর্তে কেমিক্যালযুক্ত বিদেশি খাবারের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান অবস্থায় শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের কষ্টকে দিনের পর দিন কেবল বাড়িয়েই চলা হচ্ছে, অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, নিরাপদ কর্মক্ষেত্র তৈরি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আগামীকালের সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার আদায়ের রাজপথের সংগ্রামকে আরও বেগবান করার শপথ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ দেশের শ্রমিক সমাজ ও সাধারণ জনগণের অধিকার ও গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের লড়াইয়ের দিকে এখন সারা বিশ্ব গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।

সংবাদ সম্মেলনের নজরুল ইসলাম খান রাজপথের আন্দোলনে নিহত শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, মে দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর এবং এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং অধিকার আদায়ের প্রেরণা নেওয়ার দিন। গণতান্ত্রিক সংগ্রামের সম্মুখ সারির শহীদেরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এবারের সমাবেশে অধিকারবঞ্চিত শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে যোগ দেবেন ।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা।

সারাবাংলা/এফএন/ইআ