Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার নয়, বিএনপি এখন নিরঙ্কুশ ক্ষমতা উপভোগে ব্যস্ত: আখতার হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৬:৫৯ | আপডেট: ৩ মে ২০২৬ ১৭:০১

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

ঢাকা: ক্ষমতার মোহে পড়ে বিএনপি সরকার রাষ্ট্রীয় সংস্কারের পথ থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি অভিযোগ করেছেন, নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পিত জনসেবার দায়িত্বকে বিএনপি এখন কেবল ক্ষমতা ভোগের মাধ্যম হিসেবে দেখছে।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি সরকার এখন আর সংস্কার করতে চায় না; বরং তারা তাদের ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে মরিয়া হয়ে উঠেছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের মানসিকতা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে, তারা রাষ্ট্র সংস্কারের চেয়ে ক্ষমতাকে স্থায়ী করতেই বেশি আগ্রহী। এটি গণতান্ত্রিক ধারার জন্য একটি অশনিসংকেত।

বিজ্ঞাপন

বিএনপির সাম্প্রতিক ‘নোট অব ডিসেন্ট’ সংক্রান্ত বক্তব্যের কড়া সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়েছিল, তখন ‘নোট অব ডিসেন্ট’-এর অর্থ ছিল একটি আনুষ্ঠানিক মতপার্থক্য নথিভুক্ত রাখা, কিন্তু মূল সিদ্ধান্তকে মেনে নেওয়া। এখন বিএনপি সেই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে।

তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব মৌলিক বিষয়ে একমত হয়েছিল, সেগুলো কার্যকর করাই এখন প্রধান কাজ।

বক্তব্যের এক পর্যায়ে তিনি গণভোটের প্রসঙ্গ টেনে বলেন, গণভোট সম্পন্ন হওয়ার পর এখন বিএনপি কোনো বিষয়ে রাজি কি রাজি নয়, তা আর গুরুত্ব বহন করে না। কারণ জনগণের রায় চূড়ান্ত। গণভোটের মাধ্যমে জনগণ তাদের আকাঙ্ক্ষা জানিয়ে দিয়েছে। এখন সেই রায়কে পাশ কাটিয়ে অতীতে কী বলা হয়েছিল তা নিয়ে বিতর্ক তোলা মানে সরাসরি জনগণের রায়কে প্রত্যাখ্যান করা।

আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি সংস্কারের পথ ছেড়ে কেবল ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নিমগ্ন থাকে, তবে তা জুলাই বিপ্লবের মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার যদি উদাসীন থাকে, তবে জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষকে সাথে নিয়ে সংস্কারের দাবি আদায়ে রাজপথে সোচ্চার থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর