ঢাকা: ভারতে যেকোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় জানান, ভারতের ক্ষমতায় কোন দল এলো সেটি বড় বিষয় নয় বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী হিসেবে যে দলই সেখানে সরকার গঠন করুক না কেন, সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।
ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে দেশটির জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছেন উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় নবনির্বাচিতদের অভিনন্দন জানান।
তিনি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজের দেশের জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার নানা সংকটের মধ্য দিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে। তিনি সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার এবং নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
একদলীয় শাসন ব্যবস্থার অবসান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর যা ইচ্ছা তা করা যাবে না এবং দেশ পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকেও গুরুত্ব দিতে হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে মূলত গণমানুষের ভাবনার প্রতিফলন। দেশের পররাষ্ট্র নীতি প্রণয়ন ও পরিচালনার ক্ষেত্রে মানুষের স্বার্থকে সবার আগে বিবেচনায় নেওয়া হবে।
দেশের মানুষের স্বার্থ পরিপন্থী কোনো কাজ বর্তমান সরকার করবে না বলে তিনি নেতাকর্মীদের পক্ষ থেকে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।