ঢাকা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন- বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
রোববার (১০ মে) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
এদিন রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল।
সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনার বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়, লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে।
তিনি বলেন, একজন সরকারপ্রধান হিসেবে এ ধরনের নির্দেশনা ছিল অমানবিক ও ভয়াবহ। এর প্রভাবে দেশজুড়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বাড়ে এবং বহু মানুষ নিহত হয়।
আমিনুল ইসলাম আরও বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। বিশেষ করে ফাইয়াজ হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দেয় বলেও মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটরের ভাষ্য মতে, মোহাম্মদপুরের এ মামলায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপনসিবিলিটি এবং টার্গেটেড কিলিং এর অভিযোগ পাওয়া গেছে। মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।