Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে পুশ-ইনের ঘটনায় জামায়াতের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ২২:৪৩

ঢাকা: যশোরের বেনাপোল সীমান্তে বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তে অবৈধভাবে নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় নীতি অত্যন্ত নিন্দনীয়। নাগরিকদের পরিচয় শনাক্তপূর্বক কূটনৈতিক চ্যানেলে সমস্যার সমাধান না করে ভারতের ‘পুশইন’ নীতি অবলম্বন অগ্রহণযোগ্য, যা সীমান্তকে অস্থিতিশীল, নিরাপত্তাহীন ও উদ্বেগপূর্ণ করে তুলেছে। আমি বিএসএফ ও ভারতীয় কর্তৃপক্ষের এমন নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার বলেন, গত ৩১ মে রোববার দিনগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় পুশইন -এর বিষয়ে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে নারী ও শিশুসহ ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে। অবিলম্বে নাগরিকদের ফিরিয়ে নিতে এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ না নেওয়ার জন্য আমি ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা পালন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। কূটনৈতিক চ্যানেলে ভারতীয় বাহিনীর ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদ না করা এবং বাংলাদেশের বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিরও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ রোধ ও নাগরিকদের নিরাপত্তা বিধানে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের সমস্যা সমাধানে সরকারকে অভ্যন্তরীণ ও কূটনৈতিক পদেক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর