Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২০ জুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৫:৪৯ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:৪৪

১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ। পুরনো ছবি। ছবি: সংগৃহীত

খুলনা: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আগামী শনিবার (২০ জুন) বেলা ২টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

উক্ত সমাবেশকে ঘিরে এরইমধ্যে জোটের শরিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ কার্যক্রম। এরইমধ্যে এই সমাবেশ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনকে আহ্বায়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মেহমান বিভাগ, পরিবহণ বিভাগ, ডেকোরেশন বিভাগ, সাউন্ড বিভাগ, মঞ্চ নির্মাণ বিভাগ, নিরাপত্তা বিভাগ, শৃঙ্খলা বিভাগ, প্রচার ও প্রকাশনা বিভাগ, অফিস বিভাগ, ১১ দলীয় ঐক্যের সমন্বয় বিভাগ, মিডিয়া বিভাগ, আইটি বিভাগ, তথ্য বিভাগ, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ, অর্থ বিভাগ, পানি ব্যবস্থাপনা বিভাগসহ ১৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ সব কমিটির সদস্যরা প্রতিদিনই বৈঠক করছেন। সমাবেশ সফল করতে ২ লক্ষাধিক পোস্টার, ১০ লক্ষাধিক লিফলেট, ৫ সহস্রাধিক ফেস্টুন তৈরি করা হয়েছে।

নেতাদেরকে স্বাগত জানিয়ে খুলনা মহানগরীর পাঁচটি প্রবেশদ্বারে ২০টি তোরণ নির্মাণ করা হবে। আগামী শনিবার (২০ জুন) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সমাবেশটিতে বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে জনগণের দাবি-দাওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের ন্যায়সঙ্গত দাবি ও প্রত্যাশার পক্ষে সোচ্চার হওয়া এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, খুলনা বিভাগজুড়ে সাংগঠনিকভাবে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে শরিক দলগুলোর মধ্যে সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের পর খুলনায় বিরোধী জোটের অন্যতম বড় সমাবেশ হতে যাচ্ছে এটি। বিশেষ করে সংসদে বিরোধী জোটের অবস্থান, বিভিন্ন ইস্যুতে সরকারের প্রতি সমালোচনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির দিকনির্দেশনা এই সমাবেশ থেকে উঠে আসতে পারে। ফলে রাজনৈতিক অঙ্গনেও সমাবেশটি নিয়ে সাধারণ মানুষের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।