Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানহানির মামলায় এমপি আমির হামজার জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৬:১৯

এমপি আমির হামজা। ফাইল ছবি।

সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা দুই মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুন) বিকেলে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মুফতি আমির হামজা সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে তাকে জামিন দেন।

বিজ্ঞাপন

মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এর আগে মুফতি আমির হামজা উচ্চ আদালত থেকে আগাম জামিন লাভ করেছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা হলে আদালত তা গ্রহণ করেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মুফতি আমির হামজার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এবং বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বহুল আলোচিত এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালত চত্বর ও আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়। আদালত এলাকায় প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা সংস্থাগুলোকে বিশেষ সতর্ক অবস্থানে দেখা যায়।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, এক ধর্মীয় আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকু ও আরাফাত রহমান কোকোকে নিয়ে অবমাননাকর ও মানহানিকর বক্তব্য প্রদান করা হয়েছে। একই সঙ্গে ইসলাম ধর্ম সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি এবং উসকানিমূলক আচরণের অভিযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে দেওয়া এক বক্তব্য দেন। বক্তব্যের পর কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে আয়োজিত এক আলোচনায় মুফতি আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পরবর্তীতে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং পরে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়।

 

সারাবাংলা/এএ