Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামপন্থীদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ২২:১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ইসলামপন্থীদের রাজনৈতিক বিজয় ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় গণমাধ্যমে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান যুগে জনমত গঠন, চিন্তা নির্মাণ ও রাষ্ট্রীয়-রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো গণমাধ্যম। তাই ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশের নির্বাচিত দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সময়ে আদর্শিক সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গণমাধ্যম। যে শক্তি মিডিয়াকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে, তারাই সমাজে নিজেদের আদর্শ, চিন্তা ও কর্মসূচি কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।

তিনি দায়িত্বশীলদের তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার মিডিয়া কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ, কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি।

কর্মশালায় নির্বাচিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, দৈনিক সময়ের আলো–এর মাল্টিমিডিয়া হেড সাইদ রহমানসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গ।

তারা গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, সংবাদ উপস্থাপনা, ছবি ও ভিডিও কনটেন্ট নির্মাণ এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আবুল হাসানাত জালালি, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর