ফরিদপুর: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা-নগরকান্দা সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাল্টা বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিনভর থমথমে অবস্থা বিরাজ করছিল।
সোমবার (২৩ জুন) দুপুরের দিকে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী শুয়াদি এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী হঠাৎ এ ঝটিকা মিছিল বের করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নগরকান্দা সীমান্তে মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তবে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দু’জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে দুইজনকে ধরে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুর পৌরশহর, ভাঙ্গা, মধুখালীসহ জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। দলটির নেতা-কর্মীরা আওয়ামী লীগের পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কোনো পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।