খুলনা: খুলনায় স্থানীয় বিএনপি কার্যালয়ে ও স্টেশনে থাকা ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটার সামনে অবস্থিত বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে খুলনা রেল স্টেশনে প্লাটফর্মে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে আগুন লাগে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় দু’জন যুবক মোটরসাইকেলে এসে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর অফিসের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অপরদিকে, রাত ১২ট ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি খুলনা পৌঁছায়। পরে ট্রেনটি প্লাটফর্ম থেকে ওয়াস ফিল্ডে নেওয়ার পথে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে উপস্থিত রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, ‘আমরা মাঠে রয়েছি। ঘটনার তদন্ত চলছে। যারা এর সঙ্গে জড়িত তাদের কোনোরকম ছাড় দেওয়া হবে না।’
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাতে সকলের প্রচেষ্টায় আগুন নেভানো হয়।’