Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক যুগ পর নিজেদের ভবনের দখল বুঝে পেল বেসিক ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৩:১১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৫:১০

ভবন দখলমুক্ত করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন আদালত।

ঢাকা: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইনি জটিলতা ও দখলসংক্রান্ত সমস্যায় আটকে থাকার পর অবশেষে রাজধানীর মতিঝিলে নিজেদের জন্য কেনা নির্মাণাধীন ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক।

মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা অভিযান চালিয়ে ভবনটি দখলমুক্ত করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা ভবনটির নির্মাণকাজ শেষ করে সেখানে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর পথ তৈরি হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, নিজস্ব প্রধান কার্যালয় স্থাপনের লক্ষ্যে ২০১০ সালে বিজনেস রিসোর্সেস লিমিটেড নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবনটি সম্পূর্ণ নির্মাণ করে ব্যবহার উপযোগী অবস্থায় ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হওয়ায় ভবনটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে। পাশাপাশি ভবনের দখল বুঝে পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ভবনটি কেনার জন্য বেসিক ব্যাংক প্রায় ৮০ কোটি টাকার চুক্তি করে। এর মধ্যে প্রায় ৭৬ কোটি টাকা পরিশোধও করা হয়। কিন্তু বিপুল অঙ্কের অর্থ পরিশোধের পরও চুক্তির শর্ত অনুযায়ী ভবনটির দখল বুঝে পায়নি ব্যাংক। ফলে দীর্ঘদিন ধরে ব্যাংকের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহার সম্ভব হয়নি। নিজস্ব ভবনে প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনাও বাস্তবায়ন করা যায়নি।

এদিকে, ভবন কেনার প্রক্রিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও আইনি কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ভবনটির মালিকানা ও দখল নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। ভবনটির দখল ফিরে পেতে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই চালাতে হয় ব্যাংককে।

অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ভবনটির দখল বুঝে পেল বেসিক ব্যাংক। মঙ্গলবার সকালে মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা ভবনটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যাংকের পাওয়ার কথা এমন অংশ সম্পূর্ণ খালি অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জল বলেন, নিজস্ব প্রধান কার্যালয় স্থাপনের লক্ষ্যে ২০১০ সালে বিজনেস রিসোর্সেস লিমিটেড নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরে ভবনটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী অবস্থায় হস্তান্তরের কথা ছিল। কিন্তু ডেভেলপার প্রতিষ্ঠানটি নির্মাণকাজ শেষ না করায় দীর্ঘদিন ভবনটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে।

তিনি বলেন, একপর্যায়ে ভবনটির দখল বুঝে পেতে ব্যাংককে আদালতের শরণাপন্ন হতে হয়। নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব পর্যায়েই ব্যাংকের পক্ষে রায় পাওয়া গেছে। সর্বশেষ ১০ নভেম্বর মহানগর বাণিজ্যিক আদালত-২-এর মাধ্যমে ভবনটি বুঝে পেয়েছে ব্যাংক। ভবনের ব্যাংকের প্রাপ্য অংশ সম্পূর্ণ খালি অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

আবু মো. মোফাজ্জল আরও বলেন, এখন ভবনটির অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছে, মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবন থাকা সত্ত্বেও দীর্ঘদিন তা ব্যবহার করতে না পারায় ব্যাংককে বিকল্প ব্যবস্থায় কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। এতে একদিকে যেমন ব্যাংকের বড় অঙ্কের বিনিয়োগ আটকে ছিল, অন্যদিকে নিজস্ব অবকাঠামো ব্যবহারের পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।

এখন ভবনটির দখল ফিরে পাওয়ায় অসমাপ্ত নির্মাণকাজ শেষ করার পাশাপাশি প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তবে ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী করতে কত সময় লাগবে এবং নির্মাণকাজ শেষ করতে কত অর্থ ব্যয় হবে, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সারাবাংলা/এসএ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর