Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনগণকে না জানিয়ে করিডোর ব্যবহার করা যাবে না: সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক জনগণ। সেটি অন্য কাউকে ব্যবহার করতে দিলে জনগণের অনুমতি লাগবে। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের করিডোর কেউ ব্যবহার করবে জনগণ জানবে না, সেটি হতে পারে না। দেশ সবার, দেশের স্বার্থ আমরা সবাই মিলে রক্ষা করবো।

শনিবার (৩ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মালিক এ দেশের জনগণ। এই দেশের জমি আপনি অন্যকে ব্যবহার করতে দিবেন কিনা অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত। জনগণের প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
দেশের মালিকানা, দেশের মানুষের ভোটের অধিকার মানুষ ফেরত চায়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার তারা ভোট দিতে পারেনি। এই দেশের মালিক কেউ এককভাবে নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ, স্বৈরাচার বিদায় হয়েছে, বিদায় হওয়ার পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটাই মানুষের প্রত্যাশা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, সেটিই বিএনপি চাচ্ছে।

এ সময় পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি