Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৮:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হবে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। সবাই মিলে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনা হচ্ছে। এটি দ্রুত শুরু করতে ঐকমত্য কমিশন অনুঘটক হিসেবে কাজ করছে।

শনিবার (৩ মে) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বিজ্ঞাপন

রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনার কথা মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছে। কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনা হচ্ছে মাত্র। জাতীয় ঐকমত্যের লক্ষ্য সেই সূচনার কাজটি দ্রুততার সঙ্গে শুরু করতে পারি।’

সবার ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের প্রাথমিক পর্যায়ের সংগ্রামের বিজয় অর্জিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সেটা যেন আমরা ধরে রাখতে পারি, অগ্রসর হতে পারি। এ ক্ষেত্রে ভিন্নমত থাকবে। সব বিষয়ে একমত হবে না। কিন্তু কতগুলো মৌলিক বিষয়ে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বিশেষত গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি, পরস্পরের সহযোদ্ধা হতে পারি, সেই চেষ্টা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ।’

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজের সংগ্রাম। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।’

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এর সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের হয়ে আলোচনায় আরো জয়দীপ ভট্টাচার্য, শফি উদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা ইন্দ্রাণী ভোট সোমা, আসমা আক্তার, নিলুফার ইয়াসমিন শিল্পী, তসলিমা আক্তার, রাশেদ শাহরিয়ার, রাজু আহমেদ, বিটুল তালুকদার, মশিউর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/ইআ