Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট-সার্টিফিকেট সেবার মান বাড়াতে পদক্ষেপ

ঢাবি করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেটসহ বিভিন্ন বিষয়ে সেবার মান বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশিটসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জরুরি অভিযোগ নিষ্পত্তির জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-অফিসের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ই-মেইল- [email protected] অথবা হোয়াটসঅ্যাপ: ০১৭৯৭-৪৯০৫৭৫ (শুধু মেসেজের জন্য) নম্বরে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে অভিযোগ প্রাপ্তির ২ (দুই) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে ই-মেইল/হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নির্ধারিত ফি গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়তই অনলাইনে, ই-মেইলে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে ট্রান্সক্রিপ্ট পাঠানো হয়। সম্প্রতি এ সংক্রান্ত সার্ভিস চার্জ ৫০ মার্কিন ডলার থেকে কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়েছে। এই চার্জ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য সরাসরি কোনো টাকা গ্রহণ করা হয় না। বিশ্ববিদ্যালয় শাখা সোনালী ব্যাংক অথবা অনলাইনের মাধ্যমে (অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং) টাকা গ্রহণ করা হয়ে থাকে। তবে অধিভুক্ত কলেজের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া এখনো শুরু করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতোপূর্বেই অনলাইনে ট্রান্সক্রিপ্টের আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্টের জন্য অনলাইনে আবেদন করে থাকেন। তবে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশিট সত্যায়ন প্রক্রিয়া এখনও অনলাইনে শুরু হয়নি। এই প্রক্রিয়া আরও সহজ ও স্পষ্ট করার জন্য প্রশাসন ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২ মাসের মধ্যে ট্রান্সক্রিপ্ট/মার্কশিট/সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়াগুলো আরও শিক্ষার্থীবান্ধব করে উপস্থাপন করা হবে।

এছাড়া, অনলাইনের (ই-মেইলের মাধ্যমে) পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে হার্ডকপি ট্রান্সক্রিপ্ট সরাসরি দ্রুত পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে ট্রান্সক্রিপ্ট সেকশনটি অপেক্ষাকৃত একটি বড় কক্ষে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশিটের বিষয়গুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্রকে আরও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/কেকে/এনজে