Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে ভাই নিহত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলার সদর উপজেলার চরতারাপুরে আব্দুল ওহাব মন্ডল (৪৫) নামের একজনকে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওহাব। এর আগে দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি গত ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৩টার দিকে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে বেধরক মারপিট করতে থাকে। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করে যে তাকে মারধর করার দরকার নেই তার বাড়িতে খবর দিতে যাতে এসে নিয়ে যায়। মেয়েটি যদি মারা যায় তাহলে বিপদ হবে। এরপর বড় ভাই ওহাবকেও মারপিট শুরু করেন তিনি। এরপর ওহাব দৌঁড়ে পালাতে গেলে মাঠের মধ্যে গিয়ে তার মাথায় হাতুড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে ছোট ভাই আরব। পরে স্থানীয়রা ওহাবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। এ ঘটনার পর স্থানীয়রা আরবকে আটক করে পুলিশে দিয়েছেন।

বিজ্ঞাপন

নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, ‘এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। গতকাল রাত ৩টার দিকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ পারিবারিক কলহের জেরে ওহাবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

পাবনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য হত্যাকারীকে আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ