Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাইনচ্যুতের কারণে দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ ১২ ঘণ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই কোচ পয়েন্টম্যান ভুল সিগন্যাল দেওয়ার কারণে ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা- রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

তবে দুর্ঘটনায় যাত্রীরা দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৯ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। ঈশ্বরদী ও খুলনা থেকে ২টি রিলিফ ট্রেন ও ক্রেন সহ শতাধিক কর্মকর্তা-কর্মচারিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাচিনা খাতুন বলেন, গতকাল রাত থেকে লাইনচ্যুত কোচ ২টি উদ্ধারে রাজবাড়ী ও খুলনা থেকে ২টি ক্রেন এনে লাইন সচল করতে কাজ করছি। পয়েন্ট ম্যানের ভুলের কারণে তাকে (নজরুল ইসলাম) বরখাস্ত করা হয়েছে। সে কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি না নিয়েই সিগনাল বা পয়েন্ট চেঞ্জ করার বিষয় সত্যতা পেয়েছি। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে আশা করছি দুপুর নাগাদ লাইনটি সচল করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়াতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাতের পর থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিতে থাকা সকল যাত্রী বিভিন্ন পরিবহনে চলে গিয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো