Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সাম্যর মৃত্যুর সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছে ঢাবি প্রশাসন’

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ০৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুতে ঢাবি প্রশাসন ‘গভীরভাবে মর্মাহত’ উল্লেখ করে জানানো হয়েছে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কাজ করছে। একই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে তারা তাৎক্ষণিকভাবে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য জোর তাগিদ দেন। ঘটনার চার ঘণ্টার মধ্যেই তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বিচার প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ও অপরাপর প্রক্রিয়ায় পরিবারকে পূর্ণ সহযোগিতা করা হবে।

সারাবাংলা/কেকে/এনজে