Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেফতার ৩ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট 
১৪ মে ২০২৫ ১৭:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ আদেশ দেন। এদিন তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার, কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক। মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন তিনি। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় ভাই শরীফুল ইসলাম।

সারাবাংলা/আরএম/এমপি