Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎কমিশনের কিছু প্রস্তাব রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং: বাসদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ‎বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব মানা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং। সেগুলোতে ঐকমত্য পৌঁছানো খুব দুরূহ ব্যাপার। তাই মৌলিক বিরোধগুলো বাদ রেখে কাছাকাছি ও আংশিক ঐকমত্য আছে, আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য পৌঁছান যাবে, সেগুলো নিয়ে সামনে অগ্রসর হতে হবে।
‎
‎বৃহস্পতিবার (১৫ মে), জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। বজলুর রশীদ ফিরোজের সঙ্গে দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছে।
‎
‎তিনি বলেন, জাতির পরিবর্তনের আকাঙ্ক্ষা যেমন ছিল, যেমন চলছে, সেইভাবে বাংলাদেশ চলতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সাধন করতে হবে। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ও দেশের শাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ডের মধ্যে পরিবর্তন আনতে হবে, মানসিকতার ক্ষেত্রেও পরিবর্তন করতে হবে। তা না হলে সামাজ, জনগোষ্ঠী গ্রহণ করবে না। আমরা মনে করি পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন করতে হবে।
‎
‎নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখা নিয়ে দেশ পরিচালনার বিষয়ে বজলুর রশীদ বলেন, রূপরেখা নিয়ে দেশ পরিচালনার কথা থাকলেও সেটিও পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়া দলগুলো বাস্তবায়ন করেনি। ছাত্রদের ১০ দফা, শ্রমিকের পাঁচ দফা, কৃষকের ১০ দফা, নারীদের দফা এগুলো রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ছিল, কিন্তু তা মানেননি। এখন অঙ্গীকার যতই করি না, মানসিকতার পরিবর্তন না করলে কতটুকু কার্যকর নিয়ে প্রশ্ন থাকে বলে মনে করেন তিনি।
‎
‎সংস্কার কমিশনগুলো মৌলিক কিছু বিষয় সামনে এনেছে উল্লেখ করে বজলুর রশীদ ফিরোজ বলেন, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা, মতামত বিনিময়ের পরিবেশ তৈরি হয়েছে। যেটা বিগত ৫৪ বছরে বাংলাদেশের বিগত দিনে লক্ষ্য করিনি। সকল রাজনৈতিক দলের মতামত জানার চেষ্টা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের এটিই হলো অগ্রগতি।
‎
‎মত, দ্বিমত, ভিন্নমত থাকাকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্য। সেটাই গণতন্ত্রের নীতি। আবার মৌলিক কিছু বিষয়ে আমাদের ঐকমত্য লাগবে। সেগুলো দেশ, জাতিকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে