Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এখন কারোর দ্বৈত এনআইডি নেই, ডেটাবেজ পুরোপুরি নিরাপদ: ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎‎ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, দ্বৈত এনআইডিধারী ৫৮৬ জনের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। এখন কারও দ্বৈত এনআইডি নেই, ডেটাবেজ পুরোপুরি নিরাপদ।

‎সোমবার (১৯ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান তিনি।

‎এ সময় তিনি বলেন, ‘দুটি জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে আইডেন্টিফাই করেছিলাম সর্বশেষ, তাদেরকে আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল, তাই কোনোভাবে নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথম টা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছে, এখন তাদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তারা নাগরিক সেবা পাবে।’

বিজ্ঞাপন

‎ইতোমধ্যে ৫৮৬ জনের দ্বৈত এনআইডি শণাক্ত হওয়ায় চলতি মাসের প্রথম সপ্তাহে দ্বৈত এনআইডিধারীদের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। দুই সপ্তাহের মাথায় এ সমস্যার সমাধান করা হল।

‎’একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে- ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহুর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারোর নেই। যদি কারও ব্যাপারে আইডেন্টিফাই হয় এ নিয়মে একই ব্যবস্থা নেবো।’

‎সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য রয়েছে ইসির এনআইডি ডেটাবেজে। এ তথ্যভাণ্ডারে কখনও কখনও তথ্য ফাঁসের ঘটনাও ঘটেছে।

‎বিদ্যমান পরিস্থিতে তথ্য ফাঁসের ঝুঁকি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান এনআইডি ডিজি।

‎ডেটাবেজের নিরাপত্তা নিয়ে এএসএম হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের ডেটাসেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি। মেনটেইনেন্সের জন্য যেমন পরশুদিনও (শনিবারও) আমরা করেছিলাম, চার ঘণ্টা পর চালু করতে পেরেছি। এরকম রেগুলার মেনটেইন্সে হিসেবে আমরা কাজ করি।’

‎ডিজি জানান, এ ধারাবাহিকতায় ডেটাসেন্টার নিজস্ব জলবল দিয়ে চেক করা হয়েছিল। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কিনা, আপডেটেড রয়েছে কিনা।

‎’আমাদের অবস্থান থেকে যতগুলো ইনেসিয়েটিভ নেওয়া দরকার, সে ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের এ ডেটাসেন্টার পরিপূর্ণ নিরাপদ। এ ডেটাসেন্টার নিয়ে এ মুহুর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। কিন্তু এটা যেহেতু ডেটাসেন্টার, তাই কোনোভাবেই যেন ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দৈনন্দিন কাযক্রম চলমান রয়েছে।’

‎ভবিষ্যতেও তথ্যভাণ্ডারকে নিরাপদ রাখতে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো