Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৫ ১৮:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। ইউক্রেনে রাশিয়ার তিন বছরের পূর্ণমাত্রার যুদ্ধে সবচেয়ে বড় আকাশ হামলার ঘটনায় রোববার (২৫ মে) এই মন্তব্য করেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল, কিন্তু এখন তার কিছু একটা হয়েছে। সে একেবারে পাগল হয়ে গেছে। অপ্রয়োজনে অনেক মানুষকে হত্যা করছে। শুধু সেনা নয়, সাধারণ মানুষও মারা যাচ্ছে। ইউক্রেনের শহরগুলোতে কোনো কারণ ছাড়াই মিসাইল ও ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।’

এর কিছু ঘণ্টা আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি পুতিনের কাজকর্মে খুশি না। সে অনেক মানুষকে মেরে ফেলছে। আমি জানি না তার কী হলো।’

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) ট্রাম্প বলেন, ‘আমি অবাক হয়েছি রাশিয়ার সর্বশেষ হামলায়। ঠিক এক সপ্তাহ আগেও ওরা সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছিল। আমি তখন পুতিনের সঙ্গে ফোনে কথা বলছিলাম, আর সেই সময়ই কিয়েভে রকেট পড়ছিল।’

ট্রাম্প জানান, সোমবার (২৬ মে) তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন, যার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও তার আলোচনা হয়। এর পর ট্রাম্প ঘোষণা দেন, ‘রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা শুরু করবে।’

রুশ বাহিনী শুক্রবার, শনিবার ও রোববার (২৩, ২৪ ও ২৫ মে) রাতভর ইউক্রেনে হামলা চালায়, যাতে অন্তত ২৯ জন নিহত ও অনেকে আহত হন। শনিবার থেকে রোববারের মধ্যে হামলায় তিন বছরের যুদ্ধে সবচেয়ে বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয় বলে জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মস্কোর এই দফায় ভয়াবহ হামলার পর ট্রাম্পের এই মন্তব্য পশ্চিমা বিশ্বে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়েছে। কারণ, এটি নির্দেশ করে যে যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে বিরক্ত।

তবে সোমবার (২৬ মে) ক্রেমলিন ট্রাম্পের মন্তব্যকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া বলে উল্লেখ করে গুরুত্ব কমানোর চেষ্টা করেছে। প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি একটি আবেগঘন মুহূর্ত, যেটি সকলের মানসিক চাপে জন্ম নিয়েছে।’

তবে তিনি এটাও বলেন, ‘আমরা মার্কিনিদের এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, যিনি মস্কো ও কিয়েভকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা করছেন।’

এদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা বিবেচনা করছেন। যদিও আগে তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞা না দিয়ে আলোচনার সুযোগ রাখা উচিত। তবে এখন তার অবস্থান বদলাতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পও অভিযোগ তোলেন। জেলেনস্কি বলেছেন, ‘আমেরিকার নীরবতা পুতিনকে উৎসাহ দিচ্ছে।’ এর জবাবে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি তার দেশের জন্য ভালো কিছু করছেন না। তার প্রতিটি বক্তব্য সমস্যার সৃষ্টি করে, আমি এটা পছন্দ করি না, এটা বন্ধ হওয়া উচিত।’

সপ্তাহান্তে রাশিয়ার হামলায় অন্তত ২৫ জন নিহত হন, যার মধ্যে শিশুরাও রয়েছে। সোমবার (২৬ মে) রাতেও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ার মধ্যেই রাশিয়া আবারও আকাশ হামলা জোরদার করেছে। চলমান এই উত্তেজনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক আলোচনায় একে অপরের এক হাজার বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।

সারাবাংলা/এনজে