Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে: জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার স্বৈরশাসন আমলে আমাদের নেতাদের মিথ্যা মামলার মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সাজানো-পাতানো রায়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘ইচ্ছাকৃতভাবে জামায়াত নেতৃত্বের গণহত্যা করেছিল স্বৈরাচার সরকার। এটিএম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না। এভাবে ন্যায়বিচারকে গণহত্যা করা হয়েছিল। জাতির এই সঙ্কট মুহূর্তে যদি তারা বেঁচে থাকতেন তাহলে তাদের প্রজ্ঞা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, মহান আল্লাহর রহমতে দেশের মানুষ সমর্থন দিলে যদি দেশের সেবা করার সুযোগ আমাদের কাছে আসে তাহলে প্রতিশোধের রাজনীতির, বৈষম্যের রাজনীতির অবসান ঘটানো হবে। আমাদের সীমাহীন অযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা যেন এগিয়ে যেতে পারি।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করুন। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

এদিন, সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিলের রায়ে তাকে খালাস দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো