Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১০:১৩

সাদা পাথর, সিলেট।

সিলেট: ভারতের পাহাড়ি ঢল দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে সিলেটের চারটি উপজেলায় জলাবদ্ধতা অব্যাহত রয়েছে। অধিকাংশ এলাকাই এখনও পানির নিচে। এমন পরিস্থিতিতে যে কোনো দুর্ঘটনা এড়াতে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ‘সাদা পাথর’ কেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া স্থিতিশীল হলে কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় ৫৮২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরীর জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুমও চালু করেছে।

বিজ্ঞাপন

সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা ও কুশিয়ারা নদী বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার বিকেল ৩টায় কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে এবং অমলসীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১.৪৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে পাহাড়ি ঢলে নিমজ্জিত রয়েছে সাদা পাথর পর্যটনকেন্দ্র। যার কারণে খেয়াঘাট বন্ধ রয়েছে ওই দিন থেকে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো