Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফারুকের রিট হাইকোর্টে বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৩:৪৮

ফারুক আহমেদ।

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ফারুক আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

বিজ্ঞাপন

এর আগে, ১ জুন বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। রিটে নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানানো হয়।

জানা গেছে, গত ২৯ মে বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন ও ৯ জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে এনএসসি। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদ হারান তিনি। পরদিন ৩০ মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে সংস্থাটি। একই দিন বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি হন তিনি।

সারাবাংলা/আরএম/ইআ