Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এই প্রস্তাব রয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

সারাবাংলা/ইএইচটি/এনজে