Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ২৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২৫ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা উপত্যকার রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) ভোরে, রাফাহর ফ্ল্যাগ রাউন্ডআবাউট এলাকায়, যেখানে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে। এটি একই ত্রাণকেন্দ্র এলাকায় তিন দিনের মধ্যে তৃতীয় প্রাণঘাতী হামলা।

মে ২৭-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে চালু হওয়া জিএইচএফ-এর কার্যক্রম শুরুর পর থেকে রাফাহ ও নেটজারিম করিডোর এলাকায় ত্রাণকেন্দ্র ঘিরে সহিংসতা, লুটপাট ও বিশৃঙ্খলার মধ্যে এখন পর্যন্ত ১০২ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছেন এবং ৪৯০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি তথ্য অফিস।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নির্ধারিত রুট ব্যবহার না করায় তারা গুলি চালায়। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিরা ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থান করছিল।

গাজার তথ্য অফিস এই ঘটনাকে ভয়াবহ ও ইচ্ছাকৃতভাবে বারবার সংঘটিত অপরাধ বলে আখ্যা দিয়েছে। তারা অভিযোগ করেছে, ইসরায়েল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নতুন ত্রাণকেন্দ্রগুলোর দিকে আকৃষ্ট করে এবং তারপর নির্বিচারে গুলি চালায়।

এই পরিস্থিতিতে জিএইচএফ ঘোষণা করেছে যে, তারা বুধবার (৪ জুন) ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ রাখবে এবং আধুনিকীকরণ, সংগঠন ও দক্ষতা উন্নয়ন কাজের পর বৃহস্পতিবার (৫ জুন) পুনরায় চালু করা হবে।

জাতিসংঘ এরইমধ্যে এসব ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

‘মানুষকে খাবারের জন্য নিজের জীবন বাজি রাখতে হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,’ বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এই ঘটনার স্বাধীন তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সারাবাংলা/এনজে