Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাকাশে নিজস্ব কক্ষপথ পুনর্দখলের দাবিতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মহাকাশে বাংলাদেশের নিজস্ব কক্ষপথ পুনর্দখলসহ অধিকার প্রতিষ্ঠার দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বুধবার (৪ জুন) রেজিস্ট্রি ডাক ও ই-মেইলের মাধ্যমে সরকারের সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানকে নোটিশ পাঠান তিনি।

নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে নিজস্ব কক্ষপথ পুনর্দখল ও অধিকার প্রতিষ্ঠায় ব্যবস্থা না নিলে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।

বিজ্ঞাপন

নোটিশে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) পরিচালিত কক্ষপথ একটি সীমিত আন্তর্জাতিক সম্পদ। স্বাধীন ও সার্বভৌম প্রতিটি দেশ এ কক্ষপথে নিজস্ব অবস্থান দখল করে থাকে। কিন্তু বাংলাদেশ সরকার যথাসময়ে এ কক্ষপথ দখলে ব্যর্থ হওয়ায় আমাদের প্রথম স্যাটেলাইট ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (আগের নাম ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) রাশিয়ার একটি কোম্পানির কাছ থেকে ভাড়া করা কক্ষপথে পাঠাতে বাধ্য হয়েছে, যা জাতীয় গৌরব ও প্রযুক্তিগত স্বাধিকার ক্ষুণ্ন করেছে।

এতে আরও বলা হয়, কক্ষপথ দখলের মাধ্যমে একটি দেশ নিজের টেলিযোগাযোগ, প্রতিরক্ষা যোগাযোগ ও বৈজ্ঞানিক অগ্রগতিতে একক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করে। এ কক্ষপথ দখলে ব্যর্থতা আমাদের প্রযুক্তিগত নির্ভরশীলতা বাড়িয়েছে। একইসঙ্গে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সারাবাংলা/আরএম/পিটিএম