Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিন্ন ধর্মাবলম্বীর শিক্ষার্থীদের জন্য খাসি কোরবানির উদ্যোগ

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব ঈদুল আজহা উপলক্ষে কোরবানির আয়োজন করেছে। মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু এবং ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ছাগল কোরবানি করে ক্লাবটি ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কোরবানি করা মাংস বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও আশপাশের দরিদ্রদের মাঝে বণ্টন করা হয়।

আল কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা তাসনীম বিল্লাহ বলেন, “আমরা সব সময়ই চেয়েছি যেন আমাদের কার্যক্রমে সব ধর্মের মানুষ নিজেদের অন্তর্ভুক্ত মনে করে। এবারের কোরবানির মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি, ইসলাম শান্তি ও সহমর্মিতার ধর্ম। অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান দেখানোও আমাদের নৈতিক দায়িত্ব।”

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ভিন্ন ধর্মের একজন শিক্ষার্থী বলেন, “আমি একজন হিন্দু হলেও এই উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। আমাদের জন্য আলাদা ছাগল কোরবানি করায় আমরা সম্মানিত বোধ করছি। এ ধরনের কাজ ধর্মীয় বিভাজন নয়, বরং সৌহার্দ্যকে বাড়ায়।”

এই উদ্যোগ সামাজিক মাধ্যমে এরইমধ্যে প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সারাবাংলা/এসডব্লিউ