Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘একদল রাজনীতিকের হাতে রাষ্ট্র জিম্মি থাকলে জনগণের মালিকানা নিশ্চিত হয় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৯:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, একদল রাজনীতিকের হাতে রাষ্ট্র জিম্মি থাকলে সেই রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত হয় না।

তিনি সোমবার (৯ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে সিরাজুল আলম খান সেন্টার আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ২য় প্রয়ান দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

তিনি বলেন, ‘সিরাজুল আলম খান আমাদের শিখিয়েছেন নিরঙ্কুশ ক্ষমতার রাজনীতি আমাদের রাষ্ট্রকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের ইচ্ছে সবকিছুই যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের চিন্তার ধরণ ও রাষ্ট্রের ধরণ দুটোই বদলাতে হবে। তারজন্য প্রয়োজন অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করা।’

বিজ্ঞাপন

আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আবদুস সোবহানের সঞ্চালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেএসডি নেতা শহীদুল ইসলাম খোকন, মশিউর রহমান, সাংবাদিক নাসির উদ্দীন বাদল ও আবু নাছের মঞ্জু।

এ সময় জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ ফরহাদ উদ্দিন পিকু, মো. সাহাব উদ্দিন, জুনায়েদ নবী চৌধুরী, আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ও আলাউদ্দিন খান চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে সিরাজুল আলম খান দাদার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এ সময় জেএসডি নেতৃবৃন্দ সিরাজুল আলম খানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সারাবাংলা/এসআর