Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউনূস-তারেক বৈঠকে রাজনৈতিক ইস্যুতে সুষ্ঠু সমাধান আসবে: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকে আলাপ-আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক ইস্যুতে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সমাধান আসবে- বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকের বিষয়ে বুধবার (১১ জুন) গণমাধ্যমে তিনি বলেন, আগামী ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হবে, বৈঠক হবে, আলোচনা হবে। স্বাভাবিকভাবেই রাজনীতি, দেশের বিদ্যমান পরিস্থিতি, নির্বাচনের সময়সীমা এবং অন্যান্য যেসব ইস্যু আছে- সেসব বিষয়ে অবশ্যই আলাপ হবে। এ বিষয়গুলো অবশ্যই গুরুত্ব পাবে। আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্রের মূল চর্চা হচ্ছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে সকল কিছুর সমাধানের চেষ্টা করা। আমরা প্রত্যাশা রাখি এবং আমরা আশাবাদী।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতা বলতে যেটা আপনারা যা বুঝছেন, আমি তা মনে করি না। বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা আনতে আরও কী কী বিষয়ে কী কী ফিল্ডে কাজ করা উচিত, সেটাই আলোচ্য।

সেই স্থিতিশীলতা আনতে গেলে যত শিগগির সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যে রোডম্যাপ নয়, সময়সীমা প্রধান উপদেষ্টা প্রকাশ করেছেন। সেটা পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। কারণ পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা, রমজান- সবকিছু বিবেচনায় এ সময়টা উপযুক্ত নয়।

সারাবাংলা/এফএন/আরএস
বিজ্ঞাপন

আরো