Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকসই শ্রমবাজার গঠনে আইএলও সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সহযোগিতার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রমবাজার গঠনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (১১ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও’র ১১৩ তম সম্মেলনে এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (এএসপিএজি) দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে টেকসই উন্নয়ন, শ্রমিক অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে শ্রম উপদেষ্টা আইএলও এবং এএসপিএজি গ্রুপের সমন্বয়কারী দেশ জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রমবাজারের ৬০ শতাংশ এবং জিডিপিতে ৪০ শতাংশ অবদান রাখছে। অথচ এই অঞ্চলটি এখনও অনানুষ্ঠানিক খাত, সামাজিক সুরক্ষার সীমাবদ্ধতা এবং জলবায়ু সংকটের মতো গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ জরুরি।’

বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক উন্নয়ন চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি আমাদের অন্যতম অগ্রাধিকার।’

বৈঠকে বাংলাদেশকে এএসপিএজি-র নতুন সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শ্রমবাজার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আমরা সকল সদস্য রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি।’

বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবেরত এফ হউংব, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশের প্রতিনিধি, বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান (এনডিসি, পিএসসি), এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (শিল্প পুলিশ) গাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/আরএস