Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান-ইসরায়েল সংঘাত
আটকে পড়ে ক্লাব বিশ্বকাপে খেলা অনিশ্চিত ইন্টার মিলান স্ট্রাইকারের

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫ ১২:৩৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১২:৪২

ক্লাব বিশ্বকাপে খেলা অনিশ্চিত তারেমির

গত দুদিন ধরেই চলছে ইরান-ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দুই দেশ। এই সংঘাতের রেশ পড়ল ক্লাব বিশ্বকাপ ফুটবলেও। ইসরায়েলের হামলায় ইরানে আটকা পড়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মেহদি তারেমি। আর এতেই চলমান ক্লাব বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তার।

ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তারেমি। গত মঙ্গলবার বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারায় ইরান। তারেমি দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

কথা ছিল, ১৪ জুন তেহরান থেকে একটি ফ্লাইটে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করা ইন্টার মিলানের অন্য সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তারেমি। তবে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলের হামলার পর নিজেদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান।

বিজ্ঞাপন

আর এতেই তেহরানে আটকা পড়েছেন তারেমি। আগামী ১৬ জুন বাংলাদেশ সময় সকালে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরেইয়েরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার। তারেমি নিশ্চিতভাবে এই ম্যাচ মিস করছেন বলেই এক বিবৃতিতে জানিয়েছে ইন্টার, ‘আমাদের স্ট্রাইকার তারেমি নিরাপদে আছেন। তাকে আমরা এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চাই না। সে কবে আমাদের সঙ্গে যোগ দেবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

২১ ও ২৫ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে মাঠে নামবে ইন্টার। ইরান-ইসরায়েল সংঘাত যদি এভাবেই চলতে থাকে, তাহলে এই দুই ম্যাচেও দেখা যাবে না তারেমিকে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো